শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১২ বার দেখা
শেয়ার করুন

অপূর্ব সরকার, পটুয়াখালী, ১২ এপ্রিল — পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালীর মৎস্য বাজারে হঠাৎ করেই ইলিশের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরে সীমিত পরিমাণে ছোট ও মাঝারি আকারের ইলিশ মিললেও বড় আকারের ইলিশ প্রায় দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। ফলে পাইকারি বাজারের প্রভাব খুচরা বাজারেও পড়েছে, যেখানে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই জনপ্রিয় মাছ।

রবিবার (১২ এপ্রিল) আলীপুর ও মহিপুরের পাইকারি মাছ বাজার ঘুরে দেখা যায়, ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মণ দরে।

পাইকারি বাজারে দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শহরের নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে ইলিশ বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, উৎসবকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী ইলিশের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দিচ্ছেন।

ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ না কিনলে উৎসব যেন অপূর্ণ থেকে যায়। কিন্তু বর্তমান দামে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না। তাই বাজার সহনীয় রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে মৎস্য আড়ৎ মালিকরা বলছেন, কয়েকটি কারণে বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে। জ্বালানি সংকটের কারণে জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে পারছেন না। পাশাপাশি আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞার আগে অনেক জেলে মাছ ধরায় অনাগ্রহী হয়ে পড়েছেন। এর সঙ্গে বৈশাখকে ঘিরে বাড়তি চাহিদা যুক্ত হওয়ায় বাজারে দামের এই ঊর্ধ্বগতি।

তারা আরও জানান, সরবরাহ স্বাভাবিক হলে এবং জ্বালানি সংকট কমে এলে ইলিশের দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন