কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা শঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
এ.কে পলাশ, কুমিল্লা, ৬ এপ্রিল — কুমিল্লায় ধারাবাহিক হুমকি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র।
তিনি অভিযোগ করেন, গত এক দশকেরও বেশি সময় ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্র তাকে টার্গেট করে হামলা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছে। এসব ঘটনায় তিনি একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যা বর্তমানে তদন্তাধীন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে এফআইআর নম্বর ৪১ (জি আর ৮৫০) ও এফআইআর নম্বর ৫১ (জি আর ৮১২) উল্লেখযোগ্য। এছাড়া ২০১৭ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক জিডিতে হামলা, ছিনতাই, পেশাগত কাজে বাধা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে ধরা হয়েছে।
শুভ্রর দাবি, কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও অপরাধচক্রের অন্য সদস্যরা এখনও সক্রিয় রয়েছে। তারা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে এবং তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকি ছদ্মবেশে নিজেদের প্রশাসনের সদস্য পরিচয় দিয়ে প্রতারণার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিবি, র্যাব, জাতীয় গোয়েন্দা সংস্থা ও ডিজিএফআইসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সুরক্ষা চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বলেন, একজন সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভোগা উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।