রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৬ বার দেখা
শেয়ার করুন

ঝিনাইদহ, ৫ এপ্রিল — ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধারকার্ড, ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র ও নগদ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন খুলনার তেরখাদা উপজেলার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের রাসেল (৩৭), গোপালগঞ্জের সুমন গোলদার (২০), বাগেরহাটের অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর শামীম (৪৬) এবং ঝিনাইদহের চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটককৃতদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপি এলাকায় রোববার সকাল থেকে পৃথক অভিযান চালানো হয়। বাঘাডাঙ্গা গ্রামের হুদোপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ভারতীয় নাগরিক জসিম উদ্দিনকে আটক করা হয়।

পলিয়ানপুর বিওপির অভিযানে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু সহ চারজনকে আটক করা হয়। অন্যদিকে কুসুমপুর বিওপি সদস্যরা সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামের ধানক্ষেতে অভিযান চালিয়ে আরও ছয় বাংলাদেশিকে আটক করে।

পরে আটক ১১ জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। এ ঘটনায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন