শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮০ বার দেখা
শেয়ার করুন

এম এ মজিদ, নওগাঁ, ১১ জুন ⸻ নওগাঁ সদর থানা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও লুণ্ঠিত মালামাল।

পুলিশের দাবি, সামান্য ১,৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলের লোভেই শফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জয়নুল ও আশরাফুল। তারা দুজনই নিহত শফিকুলের ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম বগুড়ার আক্কেলপুর থানার তিলকপুর এলাকার বাসিন্দা। তিনি পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করতেন। গত ৯ জুন ব্যবসায়িক কাজে বের হয়ে নিখোঁজ হন। পরে এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

১১ জুন সকালে স্থানীয় বারোমাসি বিলে কচুরিপানার নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরে সেটি নিখোঁজ শফিকুল ইসলামের বলে শনাক্ত করে।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি, গোপন তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ শহর থেকে জয়নুল এবং মান্দা এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় জয়নুলের কাছ থেকে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া লুণ্ঠিত মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ জুন থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ৮ জুন ভিকটিমকে নিয়ে বারোমাসি বিল এলাকার পাথরঘাটি ব্রিজে যায় অভিযুক্তরা। সেখানে নির্জন স্থানে প্রথমে নাইলনের রশি দিয়ে শফিকুলের গলায় ফাঁস দেওয়া হয়। পরে তার হাত-পা চেপে ধরে শ্বাসরোধ করা হয়।

পুলিশ জানায়, শফিকুল অচেতন হয়ে পড়ার পরও মৃত্যু নিশ্চিত করতে তাকে বিলের পানিতে বারবার চুবানো হয়। পরে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রেখে তার মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

📧 আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানান:
E-mail: ebanglanews71@gmail.com

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন