ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
ছাইদুল ইসলাম ধামইরহাট, নওগাঁ — নওগাঁর ধামইরহাটে এক ব্যবসায়ীর বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভুট্টুর অভিযোগ, তার ধান ভাঙা মিলের বিদ্যুৎ সংযোগের মিটার গত মঙ্গলবার পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মিথ্যা অভিযোগ দেখিয়ে খুলে নিয়ে যান। পরে বারবার যোগাযোগ করেও তিনি মিটার পুনঃস্থাপন করতে পারেননি।
তিনি দাবি করেন, বিদ্যুৎ সংযোগ চালু করতে তার কাছে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় তার মিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু কর্মকর্তা গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান।
বক্তারা বলেন, সাধারণ গ্রাহকদের সঙ্গে দুর্নীতিমূলক আচরণ বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মিল দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।