লন্ডন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ঘিরে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক), ১৯ মে — আসছে ২৭ ও ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিতব্য চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করার লক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) লন্ডনের বিঅন টিভি ইউকে’র বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারস্থ কার্যালয়ে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লেখক ও পরিবেশবাদী সংগঠন অমরাবতিসহ একাধিক সংগঠনের দিকপাল শেবুল চৌধুরী।
কবি ও গবেষক ড. সৈয়দ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গবেষক ফারুক আহমেদ, বর্তমান সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় এবং অর্থ সম্পাদক হেনা বেগমসহ অনেকে।
বার্মিংহাম বাঙালি কমিউনিটির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক জেনারেল সেক্রেটারি আলহাজ খসরু খান, বার্মিংহাম সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি অধ্যাপক সৈয়দ ইকবাল, বিঅন টিভি বার্মিংহামের সিইও আব্দুল মুয়ীন চৌধুরী সুমন, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, প্রাবন্ধিক নোমান আল মনসুর, সঙ্গীতশিল্পী ফিরোজ রব্বানী, নারীনেত্রী রাশিয়া খাতুনসহ অনেকে।
সভায় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ ইকবাল আসন্ন বইমেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এবারের মেলায় নতুন আয়োজন, বাজেট এবং অতিথি তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
আলোচনায় অংশগ্রহণকারীরা লন্ডনে অনুষ্ঠিতব্য বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সফলতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে এই আয়োজন বার্মিংহাম ও ম্যানচেস্টারেও করার প্রস্তাব দেন তারা।
সভাপতি শেবুল চৌধুরী উপস্থিত সবাইকে মেলা সফল করতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান। পরে সভাপতি মোহাম্মদ ইকবালের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।