সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক, উদ্ধার ৪ জেলে
বাগেরহাট, ১৭ মে — সুন্দরবনে পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ষষ্ঠ বারের মতো পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে রোববার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল থানার মো. রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ থানার রাজন শরীফ (২০)।
কোস্ট গার্ড জানায়, রাজন শরীফ দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে সুন্দরবনে ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় হত্যা মামলাও রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা