শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার, ১০ মে — মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের অন্যতম দাতা সদস্য এবং হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বহিঃবিশ্ব/আন্তর্জাতিক) বৃটেন প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলী সম্প্রতি ব্রিটিশ রাজপরিবার কর্তৃক এমবিই (মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর হাসপাতালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ।

হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সহিদের পরিচালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেন প্রবাসী দাতা সদস্য রমিজ আলী, দাতা সদস্য সুলেমান আলী, চ্যানেল এস মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। স্বাগত বক্তব্য দেন হাসপাতাল কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম।

অনুষ্ঠানে হাসপাতাল কমিটির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশে অবস্থানরত দায়িত্বশীল নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।

সংবর্ধিত অতিথি মনোয়ারা আলী বলেন, শমশেরনগর হাসপাতালের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দাতব্য ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন এবং ব্রিটিশ রাজপরিবারের এমবিই খেতাব তার সেই অবদানের স্বীকৃতি।

প্রধান অতিথি রিয়াদ মাহমুদ বলেন, শমশেরনগর হাসপাতাল শুধু বড় দাতাদের ওপর নির্ভর নয়, সাধারণ মানুষও অল্প অল্প করে সহযোগিতা করে তহবিল শক্তিশালী করছে, যা প্রতিষ্ঠানটির অগ্রগতির মূল শক্তি।

অনুষ্ঠানে বিভিন্ন দাতা সদস্য উন্নয়ন ও স্থায়ী তহবিলে অনুদান প্রদান করেন। পাশাপাশি অসহায়দের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে অতিথিরা হাসপাতাল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, মনোয়ারা আলী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সামাজিক ও দাতব্য কার্যক্রমে যুক্ত। তিনি একাধিক আন্তর্জাতিক দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন এবং ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন