শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৮ বার দেখা
শেয়ার করুন

এম সাইফুর রহমান স্টেডিয়ামের উন্নয়ন, সাত উপজেলায় স্টেডিয়াম ও প্রতিটি ইউনিয়নে মাঠ করার পরিকল্পনা

মো. ইমরান, মৌলভীবাজার: মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এম সাইফুর রহমান স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, জেলার সাত উপজেলায় স্টেডিয়াম নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের হলরুমে মৌলভীবাজারের ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত ক্রীড়া পরিষদ, মৌলভীবাজার এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক ক্রীড়াবিদ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত ক্রীড়া পরিষদ, মৌলভীবাজারের সভাপতি মাহবুব ইজদানী ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়ামন্ত্রী বলেন, মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। জেলার সাতটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৪৯৫টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে মাদক থেকে দূরে রাখতে হলে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি।

তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ

ক্রীড়ামন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম ধাপে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়।

জাতীয় পর্যায়ে টিকে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স ও দক্ষতা মূল্যায়নের পর বিকেএসপিতে দীর্ঘমেয়াদি ও নিবিড় প্রশিক্ষণের জন্য ৩৪৭ জন প্রতিভাবান খেলোয়ারকে চূড়ান্তভাবে নির্বাচন ও সুপারিশ করা হয়েছে।

নির্বাচিত খেলোয়াড়দের ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস ও মার্শাল আর্টসহ বিভিন্ন ডিসিপ্লিনে এক মাসের বিশেষ আবাসিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরবর্তীতে তাদেরকে স্থায়ীভাবে লেখাধুলা ও লেখাপড়ার করার জন্য বিকেএসপিতে ভর্তি করা হবে। ক্রীড়ামন্ত্রী আরও বলেন, এসব শিশু-কিশোরের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব সরকার নেবে।

দ্বিতীয় আসরে নিবন্ধন ১৬ লাখের বেশি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরেও শিশু-কিশোরদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ২০২৬-২৭ মৌসুমে অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর নিবন্ধন করেছে। নিবন্ধনকারীদের মধ্যে ৪২ শতাংশ মেয়ে রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ক্রীড়ামন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য তৈরি করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবেক জাতীয় অধিনায়ক হিসেবে প্রত্যাশা

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় ক্রীড়াবিদদের মধ্যে তাঁর প্রতি প্রত্যাশাও বেশি। মাঠের খেলোয়াড় হিসেবে তাঁর অভিজ্ঞতা দেশের ক্রীড়া উন্নয়নে কাজে লাগবে—এমন প্রত্যাশা রয়েছে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের।

তবে ঘোষিত উদ্যোগগুলো বাস্তবে কতটা দ্রুত বাস্তবায়িত হবে, সেটিই এখন বড় প্রশ্ন। স্টেডিয়াম নির্মাণ ও মাঠ তৈরির পাশাপাশি সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষক নিয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজন নিশ্চিত করা গেলে এসব অবকাঠামো থেকে প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।

যারা ছিলেন অনুষ্ঠানে

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুল রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ হাসান আহমেদ জাবেদ, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান এবং বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, ক্রীড়া সংগঠক জাহেদ আহমদ চৌধুরী, মারুফ আহমদ, সারওয়ার মজুদার ইমন, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক হাফেজ আহমদ মাহফুজ ও ক্রীড়া সংগঠক ইমামুল হক রিপন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন