শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৮ বার দেখা
শেয়ার করুন

মোঃ মোহাম্মদ পারভেজ, পাবনা — পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ছয়জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় এক মাদক বিক্রেতার বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধিদপ্তরের সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফজলুর রহমান ওরফে ঘোড়া ফজলুসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় ফজলুর বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা ও নগদ ১ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।

পরে আটক মাদকসেবীদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন ফজলুর রহমান ওরফে ঘোড়া ফজলু (৫০), তার ছেলে রাসেল (২৫), আনোয়ার হোসেন (৭২), জাকির খন্দকার (৪৩), মানিক হোসেন (৪০) ও লিটন (৫৩)।

এদিকে, ঘোড়া ফজলুর স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করেন, তল্লাশির সময় ঘরের মালামাল ভাঙচুর ও তছনছ করা হয়েছে। এছাড়া ঘরে থাকা আড়াই লাখ টাকা এবং তার স্বামীর কাছে থাকা ৪০ হাজার টাকাসহ মোট প্রায় ৩ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে, আটক আনোয়ার হোসেনের মেয়ে আমেনা খাতুন দাবি করেন, তার বাবা একজন লালনভক্ত এবং মাদকসেবী নন। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার পরিদর্শক আব্দুর রহিম। তিনি বলেন, ঘরবাড়ি ভাঙচুর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জব্দকৃত অর্থ উপস্থিত সাক্ষীদের সামনে গণনা করে আইনানুগভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ফজলুর রহমানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন