রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৯ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের তিন ক্রীড়া সংগঠককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিতরা হলেন বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুর রহমান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন ও শাহ জিল্লুর রহমান।
সম্মিলিত ক্রীড়া পরিষদ, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব ইজদানী ইমরান। ইমামুল হক রিপন ও হাফিজ আহমেদ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব জাকির হোসেন উজ্জ্বল, সাবেক ফুটবলার জুনেদ আহমদ খান এবং মৌলভীবাজার পৌর বিএনপির সহসভাপতি সরওয়ার মজুমদার ইমন।
এ ছাড়া জেলার ফুটবল, কাবাডি ও ক্রিকেট অঙ্গনের কর্মকর্তা, সংগঠক, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠনে মৌলভীবাজারের তিনজনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়া জেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তাদের এ অর্জন তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সংবর্ধিত তিন ক্রীড়া সংগঠক তাদের বক্তব্যে মৌলভীবাজারের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলার প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনা এবং ক্রীড়ার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সরফরাজ আহমেদ সরফু বলেন, “মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখানকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, ক্রীড়া ব্যক্তিত্ব জাকির হোসেন উজ্জ্বলের আমন্ত্রণে আগামী ২২ আগস্ট ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক শ্রীমঙ্গলে আসবেন। তার সফরের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ দিকে সংবর্ধিত তিন ক্রীড়া সংগঠককে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, “তোমাদের সাফল্যে আমরা গর্বিত।”

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন