মজুরি বৃদ্ধি ও ভূমি অধিকারের আন্দোলনে ঐক্যবদ্ধ লংলা ভ্যালির শ্রমিক নেতারা
বিশ্বজিৎ নন্দী | মৌলভীবাজার: চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার আদায় এবং জীবন-জীবিকার দাবি রক্ষার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে লংলা ভ্যালিতে দীপংকর-ঝুমু-বিশ্বজিৎ প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে।
আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. বি-৭৭) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
লংলা ভ্যালির এ প্যানেলে সভাপতি পদে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সহসভাপতি পদে তারাপাশা চা বাগানের শ্রমিক নেত্রী ঝুমু ভৌমিক এবং সম্পাদক পদে কালিটি চা বাগানের শ্রমিক নেতা বিশ্বজিৎ দাস মনোনয়ন জমা দেন।
এ সময় প্যানেলের সভাপতি পদপ্রার্থী দীপংকর ঘোষ, সহসভাপতি পদপ্রার্থী ঝুমু ভৌমিক ও সম্পাদক পদপ্রার্থী বিশ্বজিৎ দাসসহ লংলা ভ্যালির বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতা ও তরুণরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সভাপতি পদপ্রার্থী দীপংকর ঘোষ বলেন, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ভূমি অধিকার আদায়ের আন্দোলনসহ সার্বিক জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে এ প্যানেল সক্রিয় ভূমিকা রাখবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।