মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:০০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৪৩ বার দেখা
শেয়ার করুন

মুফিজুর রহমান নাহিদ, সিলেট: সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু। এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। একই সঙ্গে সিলেট বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথও সুগম হবে।

সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য আরেকটি সুখবর জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রেল যোগাযোগ উন্নয়নের বিষয়েও নতুন উদ্যোগের কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢাকা-সিলেট রুটে নতুন একটি ট্রেন চালু হবে।

ভিডিও বার্তার শেষে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন