সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৯:১৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫১৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে রিকশাশ্রমিক মো. হাবিবুর রহমানকে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে চলাচলের সময় রিকশাশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গত ১৬ নভেম্বর রাত ১২টার দিকে মৌলভীবাজার শহরতলির কালেঙ্গা রোডের সোনাপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন হাবিবুর রহমান। এ সময় তাঁর রিকশার ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

১৮ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার শহরে রিকশাশ্রমিকেরা প্রায়ই দুর্বৃত্তদের হাতে চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। এর সর্বশেষ শিকার হয়েছেন হাবিবুর রহমান। তাঁকে নৃশংসভাবে হত্যা করে রিকশার ব্যাটারি ও যন্ত্রাংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিবৃতিতে নেতারা জানান, গত ১৬ নভেম্বর রাতে দুই ব্যক্তি যাত্রী সেজে হাবিবুর রহমানের রিকশায় ওঠেন। তাঁরা শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর রাত ১২টার দিকে তাঁকে শহরতলির সোনাপুর এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁকে হত্যা করে রিকশার ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন পুলিশের অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হত্যাকাণ্ডের পর শহরের রিকশাশ্রমিকদের মধ্যে আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে জানিয়ে ইউনিয়ন নেতারা অবিলম্বে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রিকশাশ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

নিহত মো. হাবিবুর রহমান মৌলভীবাজার শহরের শিমুলতলা এলাকায় বসবাস করতেন। সম্প্রতি কিস্তিতে একটি রিকশা কিনে সেটি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

জন্মনিবন্ধন সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোড এলাকায়। তাঁর বাবার নাম মো. সাফিক মিয়া।

১৮ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে হাবিবুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই দিন বাদ আসর জানাজা শেষে তাঁকে মোকামবাজারস্থ গোরস্থানে দাফন করার কথা জানা গেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন