সিলেট রেলপথের বেহাল দশা: ইঞ্জিন বিকল, থমকে উন্নয়ন?
এস এম মেহেদী হাসান
দেশের অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ ও পর্যটনশিল্পে বৃহত্তর সিলেট অঞ্চলের অবদান অনস্বীকার্য। চা-বাগান, হাওর ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন হাজারো পর্যটক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী এই জনপদে যাতায়াত করেন। নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন হিসেবে রেলপথই তাঁদের অন্যতম প্রধান ভরসা। কিন্তু পরিতাপের বিষয়, দেশের গুরুত্বপূর্ণ এই রেলপথটি বছরের পর বছর ধরে অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। ফলে সিলেটের রেলযাত্রা এখন অনেকটাই অনিশ্চয়তার নাম। মাঝপথে ইঞ্জিন বিকল, ট্রেনের বিলম্ব এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা—সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে সীমিতসংখ্যক আন্তঃনগর ট্রেন চলাচল করে। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০), জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭১৮), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) ও কালনী এক্সপ্রেস (৭৭৩/৭৭৪) এবং চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯/৭২০) ও উদয়ন এক্সপ্রেস (৭২৩/৭২৪)—এই ছয়টি আন্তঃনগর ট্রেনই মূলত বৃহত্তর সিলেটের মানুষের প্রধান ভরসা। এর বাইরে ঢাকা থেকে সুরমা মেইল (৯/১০) এবং আখাউড়া–সিলেট লোকাল ট্রেনটি সীমিত সক্ষমতা নিয়ে চলাচল করছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী জালালাবাদ ও কুশিয়ারা এক্সপ্রেসের মতো লোকাল ও মেইল ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ। যাত্রীদের বিপুল চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। ফলে টিকিটের সংকট তৈরি হচ্ছে, যার সুযোগে কালোবাজারির অভিযোগও বাড়ছে।
সিলেট রেলপথের যাত্রীদের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম ‘মাঝপথে ইঞ্জিন বিকল’। পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরেই অন্তত ২০ বার আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। অক্টোবর ও নভেম্বরেও এ পরিস্থিতির উন্নতি হয়নি। গত ১ ও ২ অক্টোবর কালনী ও পাহাড়িকা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন মাঝপথে বিকল হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। লাউয়াছড়ার মতো দুর্গম অরণ্য এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা সত্যিই উদ্বেগজনক।
রেলওয়ের কারিগরি বিশ্লেষণে দেখা যায়, শ্রীমঙ্গল থেকে ভানুগাছের দিকে যাওয়ার পথে লাউয়াছড়ার ভাঙা ব্রিজ ও মাগুরছড়া এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার রেলপথ খাড়া চড়াই ও তীব্র বাঁকযুক্ত। সমতল এলাকা পেরিয়ে হঠাৎ পাহাড়ি ঢালে উঠতে গিয়ে ইঞ্জিনের ওপর প্রচণ্ড যান্ত্রিক চাপ তৈরি হয়। এই পথ নির্বিঘ্নে পাড়ি দিতে উচ্চ অশ্বশক্তিসম্পন্ন আধুনিক লোকোমোটিভ প্রয়োজন হলেও সিলেট রুটে এখনো ব্যবহার করা হচ্ছে ১৮ থেকে ১৯ বছরের পুরোনো ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিন। এর সঙ্গে যাত্রীচাপ সামাল দিতে অনেক সময় ইঞ্জিনের সক্ষমতার তুলনায় বেশি বগি সংযুক্ত করা হয়। ফলে খাড়া ঢালে ওঠার সময় ইঞ্জিনের চাপ কমে যাওয়া, অতিরিক্ত উত্তপ্ত হয়ে বন্ধ হয়ে পড়া কিংবা সংযোগকারী হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সমস্যা শুধু ইঞ্জিনেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন বড় ধরনের সংস্কার না হওয়ায় রেললাইনের স্লিপার, ক্লিপ ও অন্যান্য অবকাঠামোর অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে ঢিলা ক্লিপে ঝালাই দেওয়া কিংবা নাটের পরিবর্তে তার পেঁচিয়ে সাময়িক মেরামতের মাধ্যমে রেলপথ সচল রাখার অভিযোগ রয়েছে। এ ধরনের জোড়াতালি দিয়ে গুরুত্বপূর্ণ একটি রেলপথ পরিচালনা করা যাত্রীদের নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের কারণ।
যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলওয়ের নেওয়া উদ্যোগগুলোর বাস্তবায়নেও দৃশ্যমান গতি নেই। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের সেপ্টেম্বরে জরাজীর্ণ ট্র্যাক, স্লিপার, ব্যালাস্ট ও ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য ১ হাজার ৭৯১ কোটি টাকার একটি জরুরি সংস্কার প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে প্রকল্পটির দরপত্র ও প্রাথমিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে। অন্যদিকে, ২০১৯ সালে অনুমোদিত ১৬ হাজার ১০৪ কোটি টাকার আখাউড়া–সিলেট মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের প্রকল্পটিও দীর্ঘদিন ধরে ঝুলে আছে। চলতি বছরের আগস্ট ও নভেম্বর মাসে নেগোসিয়েশন কমিটির সভায় প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনা এগোলেও জি-টু-জি ঋণের শর্তাবলি নিয়ে দরকষাকষির কারণে মাঠপর্যায়ে নির্মাণকাজ শুরু হয়নি।
অথচ সিঙ্গেল লাইনের কারণে ট্রেন চলাচলে ক্রসিংজনিত জটিলতা ও সময়ক্ষেপণ কমাতে এই রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু ট্রেন চলাচলের সক্ষমতাই বাড়বে না, বরং ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আরও নির্ভরযোগ্য ও গতিশীল হবে।
নতুন ট্রেন চালুর ক্ষেত্রেও সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হচ্ছে না। ঢাকা–সিলেট রুটে পঞ্চম আন্তঃনগর ও বিরতিহীন ট্রেন হিসেবে ২০২৬ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ (৮১৯/৮২০) চালুর অনুমোদন দেওয়া হয়। সেপ্টেম্বরে ট্রেনটি চালুর লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রেলওয়ের ইঞ্জিন ও কোচসংকটের কারণে এখনো ট্রেনটির যাত্রা শুরু হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ ও ৩০টি লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকায় ট্রেনটি চালু করতে বিলম্ব হচ্ছে। ফলে নতুন ট্রেনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সিলেটবাসীকে আগের সীমিত পরিবহনব্যবস্থার ওপরই নির্ভর করতে হচ্ছে।
একইভাবে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে সিলেটের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের দাবিও দীর্ঘদিনের। গত ২৬ অক্টোবর ঢাকা–চট্টগ্রাম রুটের ‘মহানগর এক্সপ্রেস’ (৭২১/৭২২) কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হলেও সিলেট–কক্সবাজার সরাসরি ট্রেন চালুর বিষয়ে এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। কোচ ও ইঞ্জিনসংকটের অজুহাতে বিষয়টি ঝুলে রয়েছে। ফলে সিলেটের যাত্রীদের চট্টগ্রাম কিংবা আখাউড়ায় নেমে ট্রেন পরিবর্তন করে কক্সবাজার যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটিই বেশি ব্যয় হচ্ছে, বাড়ছে যাত্রার ভোগান্তি। এ দাবিতে কুলাউড়াসহ বিভিন্ন স্টেশনে আট দফা দাবিতে রেলপথ অবরোধ ও আন্দোলনও হয়েছে। কিন্তু আন্দোলনের পরও দৃশ্যমান অগ্রগতির পরিবর্তে মিলেছে কেবল আশ্বাস।
একটি দেশের সুষম উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো অঞ্চলভিত্তিক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন। রেমিট্যান্স, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিলেট অঞ্চলের রেলপথের এমন দুরবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বছরের পর বছর পুরোনো ইঞ্জিন, জরাজীর্ণ রেললাইন ও সীমিত ট্রেন দিয়ে একটি গুরুত্বপূর্ণ জনপদের পরিবহন চাহিদা পূরণ করা সম্ভব নয়। শুধু নতুন প্রকল্প ঘোষণা কিংবা আশ্বাস দিয়ে এই সংকটের সমাধান হবে না; প্রয়োজন দ্রুত ও কার্যকর বাস্তবায়ন।
যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে লাউয়াছড়া সেকশনসহ পুরো আখাউড়া–সিলেট রেলপথের জরুরি সংস্কারকাজ দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে নতুন লোকোমোটিভ ও কোচ সংযোজনের মাধ্যমে পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন, প্রতিশ্রুত ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালু এবং সিলেট–কক্সবাজার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের কাজও দ্রুত শুরু করা জরুরি।
সিলেটবাসীর দাবি খুব বেশি নয়—তাঁরা নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক রেল যোগাযোগ চান। যে অঞ্চলের মানুষ দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেই অঞ্চলের রেলপথ কেন বছরের পর বছর অবহেলিত থাকবে? মাঝপথে ইঞ্জিন বিকল, ঘণ্টার পর ঘণ্টা ট্রেন আটকে থাকা আর প্রকল্পের পর প্রকল্প ঝুলে থাকার এই বাস্তবতা থেকে সিলেটবাসী কবে মুক্তি পাবেন? রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন এই প্রশ্নের স্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছে পুরো সিলেট অঞ্চল।
রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক