২০ বছরের চাকরিতে বিদ্যালয়ে ৩০ দিন! শিক্ষা অফিসে শিক্ষককে মারধরের নেপথ্যে কী?
এস এম মেহেদী হাসান
রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক
মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাপ্তরিক কক্ষে একজন প্রধান শিক্ষককে মারধরের ঘটনা শুধু দুই শিক্ষকের ব্যক্তিগত বিরোধ নয়। এর পেছনে দীর্ঘদিনের প্রশাসনিক অনিয়ম, শিক্ষকতার দায়িত্ব থেকে দূরে থাকার অভিযোগ, শিক্ষা অফিসে সংযুক্তির সুযোগ এবং জবাবদিহির অভাবের মতো গুরুতর প্রশ্ন সামনে এসেছে। একজন শিক্ষক প্রায় দুই দশকের চাকরি জীবনে নিজের বিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন না করে কীভাবে উপজেলা শিক্ষা অফিসে সংযুক্ত থাকলেন? কারা তাঁকে এই সুযোগ দিয়েছেন? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেন যথাসময়ে তদন্ত করা হয়নি?
গত ৪ নভেম্বর ২০২৬, বুধবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের দাপ্তরিক কক্ষে প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমানকে মারধরের অভিযোগ ওঠে একই উপজেলার সহকারী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক দামিয়া-আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অন্যদিকে জসিম উদ্দিন মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলার বাসিন্দা জসিম উদ্দিন ২০০৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। তাঁর কর্মস্থল নির্ধারিত হয় মৌলভীবাজার সদর উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর থেকে দীর্ঘ সময় তিনি বিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করেননি। পুরো চাকরিজীবনে বিদ্যালয়ে তাঁর উপস্থিতি সর্বসাকল্যে ৩০ দিনের মতো ছিল বলেও দাবি করা হচ্ছে। বাকি সময় তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত থেকে কাজ করেছেন বলে স্থানীয় শিক্ষকদের অভিযোগ।
এই দীর্ঘ সংযুক্তির বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন শিক্ষককে বছরের পর বছর শ্রেণিকক্ষের বাইরে রেখে শিক্ষা অফিসে সংযুক্ত রাখার প্রশাসনিক ভিত্তি কী ছিল? কোন কর্তৃপক্ষের আদেশে তিনি সেখানে কাজ করেছেন? সংযুক্তির আদেশগুলো নিয়মিত নবায়ন করা হয়েছিল কি না? এসব প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্রেই পাওয়া সম্ভব।
আরও জানা গেছে, কয়েকদিন আগে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হাসানের নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার জসিম উদ্দিনকে তাঁর নির্ধারিত কর্মস্থল মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এরপর গত ১৫ থেকে ২০ দিন ধরে তিনি বিদ্যালয়ে যাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। দীর্ঘদিন শিক্ষা অফিসে সংযুক্ত থাকার পর হঠাৎ বিদ্যালয়ে ফিরে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশে তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই ক্ষোভ থেকেই প্রধান শিক্ষক শহীদুল রহমানের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল বলে একাধিক শিক্ষকদের অভিমত। তবে তা তদন্ত করে দেখা প্রয়োজন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন প্রধান শিক্ষক শহীদুল রহমান সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের কক্ষে দাপ্তরিক কাজে অবস্থান করছিলেন। এ সময় সেখানে প্রবেশ করে জসিম উদ্দিন উত্তেজিত হয়ে তাঁকে বলেন, ‘আমি স্কুলে যাই বা না যাই, তা তুই দেখার কে?’ এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জসিম উদ্দিন তাঁকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে শহীদুল রহমান মেঝেতে পড়ে যান। কক্ষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে রক্ষার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হাসান হাসপাতালে আহত শিক্ষককে দেখতে যান। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক, অগ্রহণযোগ্য ও শৃঙ্খলাবহির্ভূত বলে মন্তব্য করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তারও ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
তবে জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শুধু বিদ্যালয়ে অনুপস্থিতি কিংবা প্রধান শিক্ষককে মারধরের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয় কয়েকজন শিক্ষকের দাবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত থাকাকালে তিনি শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয়ের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। সামান্য ভুল-ত্রুটি ধরে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ দীর্ঘদিনের। তবে এই অর্থের উৎস কী, কার কাছ থেকে বা কীভাবে তা নেওয়া হতো, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
এ ক্ষেত্রে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা বেগমের ভূমিকাও খতিয়ে দেখা দরকার বলে অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষকদের দাবি, জসিম উদ্দিনের দীর্ঘদিন শিক্ষা অফিসে সংযুক্ত থাকা এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। রাশেদা বেগমের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তাঁরা দাবি করেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সময়ের সংযুক্তির আদেশ, দাপ্তরিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাঁকে দোষী সাব্যস্ত করা যায় না; তবে অভিযোগ গুরুতর হলে তদন্ত এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই।
এই ঘটনার সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষার সামগ্রিক পরিস্থিতিও জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে চারজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন বা দুজন শিক্ষক উপস্থিত থাকেন বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে শিক্ষা অফিস থেকে নিয়মিত তদারকি করা হয়নি। এমনও অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫৪জন, কিন্তু উপস্থিতি একজন। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হাসানকে অবহিত করা হয়েছে একজন সাংবাদিকের পক্ষ থেকে। মনুনদীর পূর্বপারের বিদ্যালয়গুলোর অবস্থা খুবই শোচনীয়। একটি প্রবাদটি আছে “কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই”। এই অবস্থা চলছে মৌলভীবাজার সদর সহ মৌলভীবাজারের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে। এসব অভিযোগের বাস্তবতা যাচাই করতে বিদ্যালয়ভিত্তিক উপস্থিতির রেকর্ড, পরিদর্শন প্রতিবেদন এবং পাঠদানের কার্যক্রম পরীক্ষা করা জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, চাঁদপুর জেলার বাসিন্দা জসিম উদ্দিনের হাতে মৌলভীবাজারের স্থায়ী বাসিন্দা একজন প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা তাঁদের জন্য কলঙ্কজনক। তাঁর বক্তব্য, জসিম উদ্দিনের অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষক শহীদুল রহমানসহ কয়েকজন শিক্ষক সোচ্চার ছিলেন। ফলে হামলার ঘটনাটিকে তাঁরা দীর্ঘদিনের বিরোধের পরিণতি হিসেবে দেখছেন। তবে এই বক্তব্যের সত্যতা ও ঘটনার পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
জসিম উদ্দিনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন শিক্ষক। তাঁদের দাবি, তাঁর সম্পদের উৎস খতিয়ে দেখা হলে অসংগতি পাওয়া যাবে। এমনকি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁর সম্পদের অনুসন্ধানের দাবিও উঠেছে। তবে শতকোটি টাকার সম্পদের যে দাবি করা হচ্ছে, তার পক্ষে যাচাইযোগ্য নথি বা প্রমাণ ছাড়া সেটিকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাঁর আয়, সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা যাচাই করা।
এখন সবচেয়ে জরুরি হলো, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত। প্রথমত, ২০০৫ সালে চাকরিতে যোগদানের পর জসিম উদ্দিন কত দিন নিজের বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন, তা হাজিরা খাতা ও সংশ্লিষ্ট নথি দিয়ে যাচাই করার পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের কাছ থেকে তথ্য উপাত্ত গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘদিন উপজেলা শিক্ষা অফিসে সংযুক্ত থাকার অনুমোদন কে দিয়েছেন এবং কোন নিয়মে দিয়েছেন, তা প্রকাশ করা প্রয়োজন। তৃতীয়ত, তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তদন্ত করতে হবে। একই সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা এবং তাঁদের সিদ্ধান্তের বৈধতাও খতিয়ে দেখা দরকার।
একজন শিক্ষককে দীর্ঘদিন শ্রেণিকক্ষের বাইরে রেখে শিক্ষা অফিসে সংযুক্ত রাখার ফলে শিক্ষার্থীরা যে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তার দায়ও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারি চাকরি কোনো ব্যক্তিগত সুবিধা ভোগের ক্ষেত্র নয়। একজন শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। আর শিক্ষা প্রশাসনের দায়িত্ব হলো সেই উপস্থিতি নিশ্চিত করা, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কোনো শিক্ষককে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের কারণে জবাবদিহির বাইরে থাকতে না দেওয়া।
মৌলভীবাজারের এই ঘটনা তাই শুধু একজন প্রধান শিক্ষককে মারধরের বিচার চাওয়ার বিষয় নয়। এর মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা প্রশাসনের দীর্ঘদিনের অনিয়ম, তদারকির দুর্বলতা এবং জবাবদিহির অভাবেরও তদন্ত হওয়া দরকার। হামলার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়মের অভিযোগও তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল হওয়ার কথা যাঁদের, তাঁদের বিরুদ্ধেই যদি দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার অভিযোগ ওঠে, তাহলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের কথা শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে। শিক্ষা প্রশাসনকে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক করতে হলে এই ঘটনার প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ ফলাফল প্রকাশ করা জরুরি।