সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৫:৩০ অপরাহ্ণ
ব্রেকিং
৬০৬ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক | E Bangla 71 | পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী আহসানকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থা।

রোববার (৮ নভেম্বর) আদিয়ালা রোড এলাকায় নিজ বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নিচের অংশে গুলির ক্ষত ছিল। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী সংবাদমাধ্যম ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় স্বামী আহসানকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

হাসান মুশতাক সোখেরা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কক্ষ থেকে উদ্ধার করেছি।’ এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তা সোখেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা, তদন্ত বিভাগের প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক দলের সদস্যরা। তবে রাবিয়ার মৃত্যুর পেছনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, সেটিও তদন্তাধীন রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন