মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:৪৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৪ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার: মাদকবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করতে গিয়ে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাসুদ ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মেয়ে নাদিয়া মোহাম্মদ। মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাদিয়া মোহাম্মদ। এ সময় বড়কাপন এলাকার এলাইছ মিয়া, গোলাম হোসেন, রাশেদ আলমসহ স্থানীয় কয়েকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।

লিখিত বক্তব্যে নাদিয়া মোহাম্মদ বলেন, তাঁর বাবা মো. মাসুদ টানা পাঁচবার মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

নাদিয়া বলেন, তাঁর বাবা ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারকে নিয়মিত সহযোগিতা করেন। মানবসেবামূলক কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি ‘মো. মাসুদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন। এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৮০ থেকে ১০০টি অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা ও ভরণপোষণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষকে চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা দিয়ে থাকেন তিনি। মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর বাবা শেরেবাংলা অ্যাওয়ার্ড ও মাদার তেরেসা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন বলেও উল্লেখ করেন নাদিয়া।

মাদকবিরোধী কর্মকাণ্ডে বাবার ভূমিকার প্রসঙ্গ তুলে নাদিয়া বলেন, এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাঁর বাবা দীর্ঘদিন ধরে কাজ করছেন। মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়কাপন এলাকায় গত কয়েক বছরে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তাঁর বাবা ও স্থানীয় সচেতন ব্যক্তিরা মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানানো, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন।

তিনি অভিযোগ করেন, গত ৩ নভেম্বর মাদকবিরোধী একটি ঘটনায় সহযোগিতা করতে গিয়ে তাঁর বাবাসহ কয়েকজন উল্টো মামলার আসামি হয়েছেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন মাদকসংক্রান্ত খবরের ভিত্তিতে তাঁর বাবা ও এলাকাবাসী রকি, লিটন ও তানভীর নামের তিন ব্যক্তিকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। তাঁদের কাছে অস্ত্র থাকার তথ্যও পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হলে এসআই আবু সাঈদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

নাদিয়া বলেন, তাঁর বাবা ও স্থানীয় ব্যক্তিরা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার উদ্দেশ্যে ওই উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। ঘটনার প্রকৃত পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি এবং সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, তাঁরা দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষেও নন। তবে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা নাগরিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। তাঁর প্রশ্ন, মাদকবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করতে গিয়ে সাধারণ মানুষ ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিরা মামলার আসামি হলে ভবিষ্যতে অন্যরা এ ধরনের কাজে সহযোগিতা করতে কতটা উৎসাহিত হবেন?

নাদিয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, গত ৩ নভেম্বরের ঘটনায় কারা কী ভূমিকা পালন করেছেন, তা খতিয়ে দেখা জরুরি। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যথাযথভাবে তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি। তাঁর মতে, প্রকৃত ঘটনা যাচাই না করে কেউ হয়রানি বা অন্যায় মামলার শিকার হয়ে থাকলে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ সুপার, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

একজন সন্তান হিসেবে বাবার বিষয়ে কথা বলতে গিয়ে মানসিকভাবে কষ্ট অনুভব করছেন জানিয়ে নাদিয়া বলেন, তাঁর বাবা শুধু পরিবারের অভিভাবক নন, এলাকার অনেক অসহায় মানুষেরও আশ্রয় ও ভরসার জায়গা। তাঁর দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা মৌলভীবাজারের অনেক মানুষ জানেন।

নাদিয়া বলেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা চান না কিংবা কাউকে অন্যায়ভাবে দায়মুক্তি দেওয়ার দাবিও করছেন না। তাঁরা শুধু চান, তাঁর বাবার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যথাযথভাবে যাচাই করা হোক। তিনি নির্দোষ হলে যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন।

সংবাদ সম্মেলনে তিনি মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ, সাংবাদিক সমাজ, প্রশাসন ও মানবাধিকারকর্মীদের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তাঁর বক্তব্য, মাদকমুক্ত সমাজ গড়তে যাঁরা কাজ করেন, তাঁদের ভূমিকা ও ঘটনার প্রকৃত সত্য যাচাই করা জরুরি। প্রতিশোধ নয়, তাঁরা চান ন্যায়বিচার, নিরপেক্ষ তদন্ত, মাদকমুক্ত মৌলভীবাজার এবং নিরপরাধ মানুষের আইনি নিরাপত্তা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন