বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ৩:৫৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২ নভেম্বর দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়।

সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি, পলাতক সৈয়দ রেজাউর রহমান সুমন তাঁর ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে গৌছ উদ্দিন নিক্সনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গৌছ উদ্দিন নিক্সনসহ অন্যান্য বন্দীদের মুক্তি দাবী করেছেন।

এদিকে, গ্রেপ্তারের বিষয়ে জানতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন থানার ডিউটি অফিসার এএসআই বজলু।

এএসআই বজলু বলেন, “আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবে শুনেছি। ওসি সাহেব রেস্টে আছেন। তাঁর কাছ থেকেই সঠিক তথ্য পাবেন।”

এছাড়াও একই রাতে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফজলে রাব্বি সাদমানের গ্রেপ্তারের বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম মুঠোফোনে জানিয়েছিলেন, এসআই আবু বক্কর সিদ্দিক তাঁকে গ্রেপ্তার করেছেন। তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে গৌছ উদ্দিন নিক্সনের গ্রেপ্তারের বিষয়টি এএসআই বজলুর বক্তব্যে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানার ওসির বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

মৌলভীবাজারে সাবেক এমপি’র ছেলে গ্রেপ্তার

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন