মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:২৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৪২ বার দেখা
শেয়ার করুন

এক বেলা খাবার, এক বস্তা চাল আর একটু আন্তরিকতায় শতবর্ষী বৃদ্ধার কাছে আপনজন হয়ে উঠেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আবু নাঈম রিপন, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন তাঁর দায়িত্বশীলতা, প্রশাসনিক দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন, নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিক আচরণও নজর কেড়েছে।

সম্প্রতি তাঁর কার্যালয়ে ঘটে যাওয়া একটি মানবিক ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ঘটনাটি শুধু একজন সরকারি কর্মকর্তার দায়িত্ববোধের পরিচয় নয়, বরং প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি মমত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

নিজের বয়স প্রায় ১০০ বছর বলে দাবি করা এক বৃদ্ধার বাড়ি শিবপুর উপজেলার কারারচর এলাকায়। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ওই নারী ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ। দীর্ঘদিনের অসুস্থতা, অবিরাম কাশি এবং কিছুটা মানসিক অসংগতির ছাপ রয়েছে তাঁর আচরণে। এমন অবস্থায় প্রায়ই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন।

অন্য সেবাপ্রার্থীদের মতো তাঁকেও কার্যালয়ে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে তাঁর জন্য বিশেষ বিষয়টি হলো, ইউএনওর ঠিক পাশের চেয়াতেই বসার সুযোগ পান তিনি। সেখানে পদমর্যাদার দূরত্ব কিংবা আনুষ্ঠানিকতার বাধা নয়, বরং গুরুত্ব পায় একজন অসহায় মানুষের প্রতি আন্তরিকতা।

সম্প্রতি ওই বৃদ্ধা কার্যালয়ে এলে ইউএনও ফারজানা ইয়াছমিন অত্যন্ত মমতা ও আন্তরিকতার সঙ্গে তাঁকে খেজুর, আমলকি, বিস্কুট ও চা খেতে দেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পুরো সময়জুড়েই তাঁর আচরণে ছিল আন্তরিকতা ও সহমর্মিতা।

এরপর বৃদ্ধার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে সেটি তাঁর হাতে তুলে দেন ইউএনও। শুধু সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করেননি, অফিসের এক কর্মচারীকে নির্দেশ দেন বৃদ্ধাকে যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।

এরপর ঘটে এক আবেগঘন মুহূর্ত। বৃদ্ধা হঠাৎ আবেগাপ্লুত হয়ে ইউএনও ফারজানা ইয়াছমিনকে জড়িয়ে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, “তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”

বৃদ্ধার এই কথাগুলো একজন অসহায় ও নিঃসঙ্গ মানুষের গভীর আবেগের বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে ফুটে ওঠে, সামান্য ভালোবাসা, একটু আশ্রয় আর আন্তরিক আচরণ একজন মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে।

প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা রক্ষার সাফল্যের পাশাপাশি একজন কর্মকর্তার বড় অর্জন হলো মানুষের মনে আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করা। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো ওই বৃদ্ধার কাছে ফারজানা ইয়াছমিন কেবল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নন; তিনি যেন আপনজনের মতো নির্ভরতার এক আশ্রয়।

একজন সরকারি কর্মকর্তা একসময় বদলি হবেন, দায়িত্বের চেয়ার বদলাবে, পরিবর্তন আসবে কর্মস্থলেও। কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ, আন্তরিকতা ও মানবিক আচরণের স্মৃতি থেকে যাবে দীর্ঘদিন।

শিবপুরের ইউএনও ফারজানা ইয়াছমিনের মতো কর্মকর্তাদের হাত ধরে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হোক। প্রতিটি সরকারি দপ্তর হয়ে উঠুক মানুষের সেবার নিরাপদ ঠিকানা। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা, আর একজন সরকারি কর্মকর্তার অন্যতম বড় পরিচয় তাঁর মানবিক হৃদয়। তাঁর জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন