মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৫৯ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শিক্ষার্থীদের পরিচয়পত্র দিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলে রাব্বি।

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মলয় চন্দ্র দেব।

এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী রাইসা আক্তার এবং পবিত্র গীতা পাঠ করে ইচ্ছে রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম এবং লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির শামসুল ইসলাম সমসু, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মহসিন সাদেক, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এবং শিক্ষক আয়েশা সিদ্দিকা ও রবিউল ইসলাম রবি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়। এ উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বির প্রশংসা করেন তাঁরা। শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, নিরাপত্তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও তারেক হাসানসহ অন্যান্য অতিথি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন