মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:২৩ পূর্বাহ্ণ
ব্রেকিং

নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ: সরকারি দরপত্রে কার স্বার্থ রক্ষা হচ্ছে?

১২ নভেম্বর ২০২৬ • Editing Section
৬১৪ বার দেখা
শেয়ার করুন

লেখক: এস এম মেহেদী হাসান
রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক

সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটেছে। কিন্তু সরকারি ঠিকাদারি কাজের ক্ষেত্রে অনিয়ম, প্রভাব বিস্তার এবং বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ কি বন্ধ হয়েছে? নাকি পুরোনো কৌশলেই নতুনভাবে সরকারি কাজ নেওয়ার পথ খোলা রয়েছে? ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনার ৬০ কোটি টাকার বেশি কাজ পাওয়ার ঘটনাটি এমন কিছু প্রশ্ন সামনে এনেছে, যা শুধু একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নয়, বরং সরকারি দরপত্রের স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহি নিয়েও ভাবতে বাধ্য করে।

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ট্রেড লাইসেন্সে একাধিক পরিবর্তন এনে নতুন নামে ব্যবসা পরিচালনায় সক্রিয় হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ। তাঁর নতুন নামের প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তিনটি প্যাকেজের কাজ পেয়েছে। এসব কাজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক পরিচয় ও মালিকানা আড়াল করে সরকারি কাজ পাওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো? প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলেই কি তার আগের দায়, দায়িত্ব ও কার্যক্রমের ইতিহাস মুছে যায়? আর দরপত্র মূল্যায়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা কি এসব বিষয় যথাযথভাবে যাচাই করেছিলেন?

নাম বদল, ঠিকানা পরিবর্তন, মালিকানা আড়ালের চেষ্টা

প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র দুই সপ্তাহ পর, ১৯ আগস্ট ফরিদ আহমেদ তাঁর মালিকানাধীন মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রেড লাইসেন্সে নিজের নাম সরিয়ে স্ত্রী রামিহা আহমেদের (রোজা) নাম অন্তর্ভুক্ত করার আবেদন করেন। এক দিন পর, ২০ আগস্ট প্রতিষ্ঠানের ঠিকানা ভাটারার খিলবাড়িরটেক থেকে গুলশান থানাধীন শাহজাদপুরে পরিবর্তনের আবেদন করা হয়।

এরপর প্রায় পাঁচ মাসের মাথায়, ২২ জানুয়ারি, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়েও একাধিকবার পরিবর্তন আনা হয়। প্রথমে স্ত্রীর নামে লাইসেন্স করা হয়। পরে স্ত্রীর নাম বাদ দিয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীকের নামে করার আবেদন করা হয়। এরপর আবার স্ত্রীর নামেই লাইসেন্স ফিরিয়ে আনা হয়। সর্বশেষ ১৭ মে ট্রেড লাইসেন্স আবার আবুবকর সিদ্দীকের পরিবর্তে রামিহা আহমেদের নামে করার আবেদন করা হয়।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রেড লাইসেন্সে নাম পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের মালিকানা থেকে ফরিদ আহমেদ সরে যাননি। ই-জিপির নথি অনুযায়ী, ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ফরিদ আহমেদের মালিকানা ৬০ শতাংশ এবং তাঁর স্ত্রী রামিহা আহমেদের মালিকানা ৪০ শতাংশ। রামিহা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রমে নিজেদের আড়ালে রাখতে দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির বিভিন্ন কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতা সিইও আবুবকর সিদ্দীক এবং ব্যবস্থাপক শাহীন আলমকে দেওয়া হয়েছে।

অর্থাৎ কাগজপত্রে নাম ও দায়িত্বের পরিবর্তন ঘটলেও মালিকানা এবং নিয়ন্ত্রণের প্রশ্নটি থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এসব পরিবর্তনের উদ্দেশ্য কী ছিল? যদি সবকিছু নিয়ম মেনেই করা হয়ে থাকে, তাহলে মালিকানা ও প্রকৃত নিয়ন্ত্রণ নিয়ে এত পরিবর্তনের প্রয়োজন পড়ল কেন?

৬০ কোটি ৫৮ লাখ টাকার তিনটি কাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬টি ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের কাজ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত ৫ মে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করে। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

কাজগুলোর আর্থিক বিবরণ হলো—

১. অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা।

২. অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের চুক্তিমূল্য ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।

৩. অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের চুক্তিমূল্য ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা।

তিনটি প্যাকেজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

এই বিপুল অঙ্কের সরকারি কাজ পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতার সনদ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নতুন নামে কাজ পেলেও যোগ্যতা প্রমাণের জন্য ব্যবহার করা হয়েছে আগের প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।

এখানেই প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, তা কি দরপত্র মূল্যায়নের সময় যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল?

দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর। বর্তমানে ওই দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী।

দরপত্রে ইউটোপিয়াকে যোগ্য বিবেচনা করার বিষয়ে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিক প্রতিষ্ঠানটি অন্য মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক কোম্পানির নাম পরিবর্তন করে ইউটোপিয়া রেখেছেন। তবে কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১(৮) ধারা অনুযায়ী নাম বা মালিকানা পরিবর্তন করলেও কোম্পানির দায় কিংবা অধিকার পরিবর্তন হয় না। এ বিষয়টি যাচাই-বাছাই করেই ইউটোপিয়াকে যোগ্য ঘোষণা করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি কার কাছে বিক্রি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে ই-জিপির নথিতে ফরিদ আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক এবং ৬০ শতাংশ শেয়ারের মালিক হিসেবে দেখানো হয়েছে। তাঁর স্ত্রী রামিহা আহমেদের নামে রয়েছে ৪০ শতাংশ শেয়ার।

এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রতিষ্ঠানটি যদি সত্যিই অন্য মালিকের কাছে বিক্রি হয়ে থাকে, তাহলে সরকারি নথিতে ফরিদ আহমেদের মালিকানা ও ব্যবস্থাপনা পরিচালকের পদ বহাল থাকল কীভাবে?

আওয়ামী লীগের আমলে চার বছরে ৮৩ কোটি টাকার কাজ

ফরিদ আহমেদের ঠিকাদারি ব্যবসা নতুন নয়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০২০ সালের ১৭ আগস্ট নিবন্ধিত হয়। পরের বছর সেপ্টেম্বর থেকেই প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঠিকাদারি কাজ শুরু করে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ১২টি কাজ পায়। এসব কাজের মোট চুক্তিমূল্য ছিল ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকা।

এর মধ্যে শুধু ২০২১ সালেই প্রতিষ্ঠানটি চারটি দরপত্রের কাজ পায়। এসব কাজ ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলের ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার, শ্রমিক নিয়োগ এবং ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। চারটি কাজের মোট আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা।

পরবর্তী বছরগুলোতেও একই ধরনের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহের কাজ পায়। ২০২৪ সালে প্রায় ৭ কোটি টাকায় অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ পায়। এ ছাড়া ২০২৩ সালে প্রায় সোয়া ২ কোটি টাকায় সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কারের কাজও পায়।

এখানেই শেষ নয়। ২০২৩ সালে মশক নিধন কার্যক্রমে কর্মী সরবরাহের প্রায় সাড়ে ২৮ কোটি টাকার কাজও পেয়েছিল মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট।

ওই কাজের সময় চুক্তি অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্তসংখ্যক কর্মী না পাওয়ার অভিযোগ নিয়ে প্রথম আলো একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল। একই বছর কর্মীদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগে ‘কর্মীদের কষ্টের বেতনের ৪ কোটি টাকা ঠিকাদারের পকেটে’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা থেকেও প্রতিষ্ঠানটি চারটি ঠিকাদারি কাজ পায়। এর মধ্যে তিনটি ছিল শ্রমিক সরবরাহের কাজ। ২০২২ সালে প্রায় অর্ধকোটি টাকায় দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহ, পরের বছর একই ধরনের কাজ ৬০ লাখ টাকায় এবং একই বছর রোড মার্কিংয়ের কাজে আরও প্রায় অর্ধকোটি টাকার শ্রমিক সরবরাহের কাজ পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২২ সালে যান্ত্রিক শাখায় ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের ১৯ লাখ টাকার কাজও পায়।

এত অল্প সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠান কীভাবে এত বিপুল অঙ্কের সরকারি কাজ পেল, তা খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে কাজগুলোর বড় অংশই যখন শ্রমিক সরবরাহনির্ভর, তখন কর্মীর সংখ্যা, উপস্থিতি, মজুরি এবং বাস্তব কাজের পরিমাণ যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কম কর্মী নিয়োগ ও মজুরি আত্মসাতের অভিযোগ

ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে, চুক্তিতে উল্লেখিত সংখ্যার তুলনায় কম কর্মী নিয়োগ করা হচ্ছে এবং তাঁদের কম মজুরি দেওয়া হচ্ছে। এতে সরকারি অর্থ আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।

কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চুক্তিতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ব্যবহারের শর্ত ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি সেই শর্ত অনুসরণ করছে না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রতিষ্ঠানটিকে লিখিত নোটিশও দেওয়া হয়েছে।

সরকারি অর্থে পরিচালিত একটি সেবা কার্যক্রমে কর্মীদের প্রকৃত সংখ্যা ও উপস্থিতি নিশ্চিত করা না গেলে চুক্তির অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তৈরি হয়। যে কাজের জন্য যতসংখ্যক কর্মী নিয়োগের কথা, বাস্তবে তার চেয়ে কম কর্মী দিয়ে কাজ করানো হলে আর্থিক সুবিধা কার পকেটে যাচ্ছে, সেটিও তদন্ত করা দরকার।

এখানে শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় নয়, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তদারকির দায়িত্বও গুরুত্বপূর্ণ। চুক্তির শর্ত বাস্তবায়ন হচ্ছে কি না, কর্মীরা নির্ধারিত মজুরি পাচ্ছেন কি না এবং বায়োমেট্রিক হাজিরা কার্যকর আছে কি না—এসব নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ

প্রথম আলোর অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার কয়েকজন কর্মকর্তা ও প্রকৌশলীর সঙ্গে ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।

করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মী এ বিষয়ে প্রথম আলোকে তথ্য দিলেও কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। তবে প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্রের কথা উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ২৬ অক্টোবরের একটি চিঠিতে দেখা যায়, ২৯ অক্টোবর ই-জিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের দরপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। ওই চিঠির ২২ নম্বরে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে মো. আলামীনের নাম উল্লেখ ছিল।

এই আলামীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশল শাখায় কম্পিউটার কর্মী হিসেবে কাজ করেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আলামীন সিটি করপোরেশনের স্থায়ী কর্মী নন। ২০১৮-১৯ সালের দিকে নন-স্কেলভুক্ত কর্মী হিসেবে তাঁর নিয়োগ হয়েছিল। গত বছর তিনি স্কেলভুক্ত হন। আলামীন করপোরেশনের একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর আত্মীয় হিসেবেও পরিচিত।

ঠিকাদারের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে আলামিনের অংশগ্রহণের বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, অতীতে পরিস্থিতি এমন ছিল যে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো করাতে ঠিকাদারদের খুঁজে এনে কাজ দিতে হয়েছে। ঠিকাদারেরা ই-জিপির দরপত্র প্রক্রিয়া বুঝতেন না। তাঁদের সহায়তা করতেই আলামীনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে আলামিনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনা প্রশাসনিক দায়িত্ব ও ব্যক্তিগত সম্পৃক্ততার সীমারেখা নিয়ে প্রশ্ন তোলে। একজন সরকারি কর্মী যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দরপত্রবিষয়ক প্রশিক্ষণে অংশ নেন, তাহলে তাঁর ভূমিকা কী ছিল, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। কর্মকর্তাদের সহায়তা করার যুক্তি থাকলেও সেটি কতটা নিয়মসম্মত ছিল, তা যাচাই করা জরুরি।

প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে প্রশাসকের বক্তব্য

ইউটোপিয়ার মালিক কে—এ প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দীক প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি এককথায় বলতে পারবেন না। তাঁর সঙ্গে দেখা করে বিস্তারিত কথা বলার অনুরোধ জানান। তিনি বলেন, এ বিষয়ে কিছু জটিলতা রয়েছে।

আবুবকর সিদ্দীকের দাবি, প্রতিষ্ঠানটি কেনার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ফরিদ আহমেদ উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) ফরিদ হাজির হতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটি এখনো ফরিদের নামেই রয়েছে। তবে ইউটোপিয়ার নামে আলাদা একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের লেনদেন পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কোনো প্রতিষ্ঠান দরপত্রে যোগ্য বা অযোগ্য হবে, তা ই-জিপির প্রক্রিয়ায় নির্ধারিত হয়। এ ক্ষেত্রে তাঁর কোনো হস্তক্ষেপ নেই। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।

প্রতিষ্ঠানের মালিকানা আড়াল করে কাজ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ইউটোপিয়ার মালিকানা সম্পর্কে তাঁর জানা ছিল না। এ ধরনের কিছু থাকলে তা খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য থাকে না। সেখানে মূলত দরপত্রে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয়।

প্রশাসকের এই বক্তব্যও গুরুত্বপূর্ণ। কারণ, দরপত্র প্রক্রিয়া ই-জিপির মাধ্যমে সম্পন্ন হলেও প্রতিষ্ঠানের মালিকানা, প্রকৃত নিয়ন্ত্রণ, পূর্ববর্তী কার্যক্রম এবং চুক্তি বাস্তবায়নের সক্ষমতা যাচাইয়ের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সরকারি দরপত্র কি শুধু কাগজপত্রের যোগ্যতায় সীমাবদ্ধ?

একটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন কিংবা মালিকানা হস্তান্তর আইন অনুযায়ী বৈধ হতে পারে। কিন্তু এসব পরিবর্তনের আড়ালে প্রকৃত মালিকানা বা নিয়ন্ত্রণ গোপন করা হলে সেটি সরকারি দরপত্রের স্বচ্ছতার জন্য বড় প্রশ্ন তৈরি করে।

সরকারি কাজ পাওয়ার ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের কাগজপত্র ও পূর্ব অভিজ্ঞতার সনদ দেখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিষ্ঠানটি বাস্তবে কার নিয়ন্ত্রণে, কাজ বাস্তবায়নের সক্ষমতা কতটুকু, পূর্ববর্তী কাজের মান কেমন ছিল এবং আগের কোনো অনিয়মের অভিযোগ রয়েছে কি না—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকার কাজ পাওয়ার ইতিহাস রয়েছে। আবার নতুন নামে একই প্রতিষ্ঠানের ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার কাজ পাওয়ার ঘটনাও সামনে এসেছে। এর সঙ্গে রয়েছে কর্মী কম নিয়োগ, মজুরি কম দেওয়া এবং বায়োমেট্রিক হাজিরা না মানার অভিযোগ। ফলে পুরো বিষয়টি শুধু নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই।

এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি—কোনো ব্যক্তি রাজনৈতিক দলের নেতা ছিলেন বলেই তাঁকে সরকারি কাজ দেওয়া যাবে না, এমন নয়। সরকারি দরপত্রে যোগ্যতা, আইন ও নির্ধারিত শর্তই প্রধান বিবেচ্য হওয়া উচিত। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অতীতে সুবিধা নেওয়া, পরে মালিকানা আড়াল করে একই সুবিধা অব্যাহত রাখার অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি

এই ঘটনায় কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

প্রথমত, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে ইউটোপিয়া করার পুরো প্রক্রিয়া এবং মালিকানা পরিবর্তনের দাবির সত্যতা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, ই-জিপির নথিতে ফরিদ আহমেদের ৬০ শতাংশ মালিকানা এবং ব্যবস্থাপনা পরিচালকের পদ বহাল থাকার বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে।

তৃতীয়ত, ৬০ কোটি ৫৮ লাখ টাকার তিনটি কাজের দরপত্র মূল্যায়ন ও যোগ্যতা নির্ধারণের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করা প্রয়োজন। চতুর্থত, চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগ, তাঁদের মজুরি পরিশোধ এবং বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থার বাস্তব অবস্থা যাচাই করতে হবে।

পঞ্চমত, সিটি করপোরেশনের কর্মী আলামিনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ই-জিপি প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়টি তদন্ত করা দরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো অনিয়মমূলক সম্পৃক্ততা ছিল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।

সবশেষে, অতীতে মশক নিধনসহ বিভিন্ন কাজে কর্মী সরবরাহের ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছিল, সেগুলোরও তদন্ত হওয়া উচিত।

সরকারি অর্থ জনগণের অর্থ। এই অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক যোগাযোগ কিংবা কাগজপত্রের কৌশল ব্যবহার করে বিশেষ সুবিধা পেলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। কারণ, সড়ক পরিষ্কার, নালা পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক সেবার মান সরাসরি জনজীবনের সঙ্গে জড়িত।

রাজনৈতিক সরকারের পরিবর্তন মানেই প্রশাসনিক সংস্কার নয়। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন সরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্তে স্বচ্ছতা থাকে, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষমতাবান ব্যক্তিরাও জবাবদিহির আওতায় আসেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬০ কোটি টাকার এই কাজের ঘটনা তাই শুধু একজন ঠিকাদার বা একটি প্রতিষ্ঠানের বিষয় নয়। এটি সরকারি দরপত্র ব্যবস্থার স্বচ্ছতা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জনগণের অর্থ ব্যবহারের জবাবদিহির বড় পরীক্ষা।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকানা, দরপত্র প্রক্রিয়া এবং কাজ বাস্তবায়নের অনিয়মের সত্যতা প্রকাশ করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা অনিয়মে কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও জবাবদিহির আওতায় আনতে হবে।

কারণ, সরকার বদলালেও যদি সরকারি কাজ পাওয়ার পুরোনো অনিয়ম ও সুবিধাভোগের সংস্কৃতি বহাল থাকে, তাহলে পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। জনগণ শুধু রাজনৈতিক পরিবর্তন দেখতে চায় না; তারা চায় সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছ প্রশাসন এবং সবার জন্য সমান আইন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন