মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৭:৪৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৫৩ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শীর্ষ সন্ত্রাসী জুনেদের দুই সহযোগী হিসেবে পরিচিত মৃদুল ও রাজেলকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। ১৮ নভেম্বর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের আগে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করতে হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মৌলভীবাজারের চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে মৃদুল ও রাজেলের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

অভিযোগ রয়েছে, মৃদুলের ‘মিসফায়ার’ নামে একটি টিকটক আইডি রয়েছে। ওই আইডিতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও তৈরি করে প্রকাশ করতেন তিনি। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শীর্ষ সন্ত্রাসী জুনেদ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান চলবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রের দাবি, মৃদুল ও রাজেল দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। তাঁদের গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন