শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নতুন শর্ত, দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীকে
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দুটি শর্ত সামনে এনেছে ভারত। নয়াদিল্লির চাওয়া, যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে করে তিনি ভারতে গিয়েছিলেন, একইভাবে বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে ভারত দুটি শর্ত দিয়েছে। প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ জন্য একটি সামরিক বিমান পাঠাতে হবে। তবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়েও সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত সাবেক একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি।
ভারতীয় নীতিনির্ধারকেরা শুরুতে চেয়েছিলেন, শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সফলতা আসেনি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে ভারত। এ ছাড়া নয়াদিল্লির ধারণা, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’
ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক। পাশাপাশি দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে বলে মনে করছে নয়াদিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে ভারত। আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাঁকে তুলে দিতে চায় না নয়াদিল্লি। কারণ, এতে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
তবে গত কয়েক মাস ধরে এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত।
বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
তবে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জে থাকা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে চায় কি না। তাঁদের আশঙ্কা, তাঁর প্রত্যাবর্তন দেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন জেনেও ভারত তাঁর এই ঘোষণায় সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি ফিরতে না পারলেও ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। — ওয়াইএই