মৌলভীবাজারে বাসায় ফেরার পথে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, পালাল দুই যুবক
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুই যুবক। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ওই নারী কনস্টেবল (৩০) জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানায় দায়িত্ব পালন শেষে ওই নারী কনস্টেবল হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পথে ইউনিয়ন পরিষদের কাছে নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক যুবক তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আরেক যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন।
ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওই নারী কনস্টেবলের স্বামী জানান, তাঁর স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও একইভাবে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু নেয়নি।
ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এমদাদুল হক। তিনি বলেন, চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন।
খবর পেয়ে থানা-পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সময় অন্ধকার থাকায় সরাসরি ঘটনাস্থলের ক্যামেরার ফুটেজে স্পষ্ট কিছু দেখা যায়নি।
তিনি বলেন, একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে। ওই নারী কনস্টেবল হেঁটে যাওয়ার সময় তাঁদের একজনকে পেছনে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। দুর্বৃত্তদের একজন ওই নারী কনস্টেবলকে ধরার চেষ্টা করলে তিনি ধাক্কা দেন। এতে দুজনই পড়ে যান। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।